ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই যাত্রী বলেন, স্পাইসজেটের সঙ্গে এক তিক্ত অভিজ্ঞতার পর জরুরি ভিত্তিতে ইন্ডিগোর বিমানের টিকিট কেটেছিলেন তিনি। স্পাইসজেটের বিমানটি বারবার ‘Delay’ হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অসুস্থ ও ক্লান্ত শিশুকে নিয়ে যাত্রা করছিলেন ওই পরিবারের সদস্যরা। দিল্লি থেকে রাজকোটগামী ইন্ডিগোর বিমানের জন্য তাঁরা ১৬,৬০০ টাকা খরচ করেছিলেন। বিমানটির ছাড়ার নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিট।
“সময়ানুবর্তিতার নিয়ম কি শুধু যাত্রীদের জন্যই প্রযোজ্য?”
ওই যাত্রীর দাবি, ভোর ৫টা ৬ মিনিটে বোর্ডিং গেটে পৌঁছলেও বিমান সংস্থার কর্মীরা তাঁকে বিমানে উঠতে দেননি। তাঁদের যুক্তি ছিল, এক মিনিট দেরি হয়েছে। পরিবারের সদস্যরা বারবার কর্মীদের বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। এরপরই বিমান সংস্থার সময়ানুবর্তিতার নীতি নিয়ে প্রশ্ন তোলেন ওই যাত্রী।
ক্যাপশনে তিনি লেখেন, “প্রিয় ইন্ডিগো 6E, আপনাদের সময়ানুবর্তিতার নীতি কি শুধু যাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য?” এরপর তাঁর অভিযোগ, ভোর ৫টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিমানটি ৫টা ১৭ মিনিটেই ছেড়ে দিয়েছিল, অর্থাৎ নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগেই। তাঁর আরও দাবি, নতুন করে টিকিট বুক করতে তাঁদের অতিরিক্ত ১২,০০০ টাকা খরচ করতে হয়েছে। অথচ নির্ধারিত ছাড়ার সময়ের মাত্র সাত মিনিট আগেও ওই বিমানে যাত্রীদের বোর্ডিং চলছিল বলে অভিযোগ।
“খরচ হয়েছে ২৮,৬০০ টাকা, অসুস্থ শিশুটি বিপর্যস্ত, অথচ কোনও দায়বদ্ধতাই নেই”
ওই যাত্রী বলেন, “এবার 6E 6047 বিমানের কথাই ধরুন, যেটি সকাল ১১টায় ছাড়ার কথা ছিল। অভিযোগ, সকাল ১০টা ৫৩ মিনিট পর্যন্ত বোর্ডিং চলেছিল! তাহলে যাত্রীদের মাত্র এক মিনিট দেরির জন্য বিমানে উঠতে দেওয়া হয় না, অথচ ছাড়ার সময় ঘনিয়ে এলেও বোর্ডিং চলতে থাকলে সেই সময়সীমা হঠাৎ করেই বদল হয়ে যায়? খরচ হয়েছে ২৮,৬০০ টাকা, অসুস্থ ছোট্ট শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত, অথচ কোনও দায়বদ্ধতাই নেই।”
বোর্ডিংয়ের নিয়মে এই আপাত বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন ওই যাত্রী। তিনি আরও বলেন, “সময়ানুবর্তিতা কি শুধু যাত্রীদের দায়িত্ব? নাকি যাত্রীদের জন্য ইন্ডিগোর এক ধরনের নিয়ম, আর নিজেদের জন্য অন্য নিয়ম? কর্মীদের আচরণ নিয়ে তদন্ত, নির্ধারিত সময়ের আগেই বিমান ছেড়ে যাওয়ার ব্যাখ্যা এবং অতিরিক্ত নেওয়া ১২,০০০ টাকা সম্পূর্ণ ফেরতের দাবি জানাচ্ছি। ক্লান্ত যাত্রীদের কাছ থেকে আরও টাকা আদায় করে দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার নাম ‘গ্রাহক পরিষেবা’ হতে পারে না।”
