সন্দীপ সরকার, কলকাতা: তিনি সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান ছিলেন। মাটি ও জমি কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির দায়ে আপাতত জেলবন্দি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সেই সুজয় হাজরার নাম এখনও জ্বলজ্বল করছে সিএবি-র ওয়েবসাইটে। জেলা কোচিং কমিটির প্রধান হিসাবেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। যিনি মনোহরপুকুর মিলন সমিতির প্রতিনিধি হিসাবে বঙ্গ ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেছেন। এবং সিএবি-র নবগঠিত গ্রাউন্ডস কমিটির সদস্য হয়েছেন।
৬ নভেম্বর সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেদিনই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে সমস্ত সাব কমিটি তৈরি হয়। সেখানে CAB-র বিভিন্ন কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে। জায়গা পেয়েছেন একাধিক বিজেপি নেতা বিধায়কেরা। ফিনান্স কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন কাশীপুর বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটিতে বরানগরের বিধায়ক সজল ঘোষ। স্কুল কমিটির দায়িত্বে বিজেপি নেতা অনুপম ভট্টাচার্য। গ্রাউন্ডস কমিটিতে দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার ও বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ।
সেই বৈঠকেই জেলা কোচিং কমিটির চেয়ারম্যান হয়েছেন অঞ্জন দাশগুপ্ত। যদিও তারপর আটদিন পেরিয়ে গেলেও সিএবি-র ওয়েবসাইটে জ্বলজ্বল করছে সুজয় হাজরার নাম। জেলা কোচিং কমিটির চেয়ারম্যান হিসাবে।
আর তা নিয়েই আপত্তি তুলছেন সৌরভ শিকদার। বিজেপি বিধায়ক এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি জেলবন্দি, তাঁর নাম এখনও সিএবি-র ওয়েবসাইটে থাকে কীভাবে! এতে সংস্থার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষের আবেগের কথা ভাবা উচিত। কাকে খুশি করতে এগুলো করা হচ্ছে? আমি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ নিয়ে বলব। অবিলম্বে পদক্ষেপ করা উচিত।’
কেন এখনও সিএবি-র ওয়েবসাইটে থেকে গিয়েছে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়কের নাম? সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতিশরঞ্জন দত্ত (অনু) এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘আপনার কাছেই এই বিষয়টা জানতে পারলাম। সৌরভ শিকদার ক্ষুণ্ণ হয়েছেন শুনলাম। হয়তো সিএবি-র ওয়েবসাইট আপডেট করা হয়নি। না হয়ে থাকলে সেটা ভুল। অবিলম্বে খোঁজ নিয়ে সেটা বদলানোর কথা বলব।’ যোগ করলেন, ‘আমাদের জেলা কোচিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে কমিটির অন্য সদস্যদের বেছে নেওয়া এখনও বাকি রয়েছে।’
সিএবি-র বিভিন্ন কমিটিতে পাঁচজন বিজেপি নেতা বিধায়কেরা জায়গা করে নিলেও কেউই চেয়ারম্যান হননি। কমিটির প্রধান হওয়া যাবে না, দল বা সরকারের তরফে কি এরকম কোনও নির্দেশ রয়েছে? সৌরভ শিকদার বললেন, ‘এরকম কোনও নির্দেশ নেই। এ নিয়ে রীতেশদা, সজলদাদের সঙ্গেও কথা হয়েছে আমার।’ যোগ করলেন, ‘কমিটির চেয়ারম্যান হতে আমরা কেউ আসিনি। আমাদের লক্ষ্য বাংলার ক্রিকেটের সার্বিক উন্নয়ন। আর বাংলার ক্রিকেট মানে সেটা গোটা রাজ্যের ক্রিকেট। শুধু কলকাতা ভিত্তিক নয়। শুধু কলকাতার ক্রিকেটারেরাই যদি বাংলা দলে খেলে, তা হলে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নাম বদলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কলকাতা করে দেওয়া উচিত। বা মুম্বই ও মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মতো দুটি আলাদা সংস্থা করা উচিত। জেলা থেকে সেই কবে ঋদ্ধিমান সাহা, অশোক ডিন্ডা, শিবশঙ্কর পালরা উঠে এসেছিল। তারপর থেকে বাংলার ক্রিকেটে জেলার ক্রিকেটার কোথায়! ভূমিপুত্র কোথায়! মহম্মদ শামি, মুকেশ কুমার, আকাশ দীপ, অভিমন্যু ঈশ্বরণ – সকলে তো বাইরের প্লেয়ার। এখানে এসে খেলছে। বাংলার ছেলেরা খেলুক, জাতীয় দলে জায়গা করে নিক, এটাই আমাদের লক্ষ্য।’
আরও পড়ুন: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
