নয়াদিল্লি: বাবা, আমি খুব স্নায়ুর চাপে ভুগছিলাম… শুধু সীতারাম সীতারাম নাম জপ করে গিয়েছি…
ভিডিও কলে পিতা-পুত্রের কথোপকথন। যার এক প্রান্তে রুদ্ধশ্বাস ম্য়াচের অন্যতম নায়ক আর্যবীর সহবাগ। অপর প্রান্তে গর্বিত পিতা বীরেন্দ্র সহবাগ। পাকিস্তানকে শেষ বলে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতে নিয়েছে ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন আর্যবীর। তারপরই তিনি ভিডিও কলে কথা বলেন বীরেন্দ্র সহবাগের সঙ্গে। ছেলের সাফল্যে মুগ্ধ কিংবদন্তি সহবাগ। ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলার ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিনিয়র সহবাগ।
ফোনালাপে আর্যবীর বলেন, ‘বাবা এক ঘণ্টা ধরে সীতারাম সীতারাম জপে গিয়েছি। পাকিস্তানের হাজার দুয়েক সমর্থক মাঠে ছিলেন। তাঁরাও সহবাগ সহবাগ বলে চিৎকার করছিলেন। মনে হচ্ছিল যেন আমাদের সমর্থন করছে। মজা লেগেছে। শেষ ওভারে যখন ৮ রান বাকি, আর শেষ বলে ৩ রান, শুধু প্রার্থনা করছিলাম একটা বাউন্ডারি হয়ে যায় যেন। সেটাই হয়েছে।’
সহবাগ সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়া থেকে শুরু করে রুদ্ধশ্বাস মুহূর্তগুলো নিয়ে আড্ডা, বেটা আর্যবীরের সঙ্গে স্পেশ্যাল একটা কথোপকথন। কিছু মুহূর্ত থাকে যা পুরস্কার, রান বা ট্রফির চেয়েও গুরুত্বপূর্ণ। এটা এক বাবার এমন স্মৃতি যে আজীবন থেকে যাবে। তোমার মা দৃঢ়ভাবে মাটিতে রাখো আর পরিশ্রম ও প্রতিভা দিয়ে আকাশ স্পর্শ করো। শ্রী সীতারাম।’
সহবাগের ভিডিওতে শুভেচ্ছাবার্তার ঝড়। সূর্যকুমার যাদব এখন সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে রয়েছেন কলকাতায়। তিনি লিখেছেন, ‘কী দারুণ দৃশ্য। গর্বিত পিতা।’
আরও পড়ুন: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (ACC Men’s U19 Asia Cup 2026) খেতাবি ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ঠিক এমন টানটান লড়াই দেখা গিয়েছে শনিবার। ম্যাচের বিভিন্ন সময়ে কখনও পাকিস্তান, তো কখনও ভারতের দিকে পাল্লা ঝোঁকে। শেষমেশ দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে এক উইকেটে পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শেষ বলে চার মেরে ভারতকে জেতালেন মোহিত উলভা (Mohit Ulva)।
