বিহারজুড়ে তখন গৃহস্থের বাড়িতে ছটপুজোর প্রস্তুতি চলছে। এটি এমন একটি উৎসব যেখানে ভক্তরা পরিবারের সদস্য ও সন্তানদের কল্যাণ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। এরকমই একটা সময়ে সমস্তিপুর জেলা থেকে এল একটি মর্মান্তিক ঘটনার খবর। যা পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। রবিবার ছটপুজোর নৈবেদ্য হিসেবে তৈরি খাবার থেকে খেয়ে ফেলায় এক মহিলা তাঁর চার বছর বয়সী মেয়েকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় এবং ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মৃত শিশুর নাম সুহানি কুমারী। সে রাজু পাসওয়ানের চার বছর বয়সী মেয়ে। তার মায়ের নাম রীণা কুমারী।
শিশুটির বাবা জানিয়েছেন, গোটা পরিবার ছটপুজোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। পরিবারের অন্য সদস্যরা যখন উৎসবের আয়োজনের জন্য নিকটবর্তী ঘাটে গিয়েছিলেন, তখন রীণা বাড়িতে পুজোয় নিবেদনের জন্য প্রসাদ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে সুহানি নাকি পুজোর নৈবেদ্যের জন্য তৈরি খাবার স্পর্শ করে খেয়ে ফেলেছিল। এতে ক্ষিপ্ত হয়ে রীণা শিশুটিকে মারধর করেন বলে অভিযোগ। এই মারধরের পর সুহানির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
রীণা পরে মেয়েকে চিকিৎসার জন্য একটি নার্সিং হোমে নিয়ে যান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে রাজু পাসওয়ান জানান, মেয়ের মৃত্যুতে তাঁর পরিবার বিধ্বস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, “মেয়েকে হারানোর পর তাঁর কাছে উৎসবের আর কোনও অর্থ নেই।” নিজের স্ত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন যে, তাঁর জীবনে স্ত্রীর আর কোনও প্রয়োজন নেই এবং তিনি নিজেই সন্তানদের বড় করবেন।
রাজু ও রীণার তিন সন্তান। সাত বছর বয়সী শিবাণী কুমারী, চার বছর বয়সী সুহানি কুমারী এবং দেড় বছর বয়সী রাজা কুমার। সুহানির মৃত্যু পরিবারটিকে শোকাচ্ছন্ন করে তুলেছে।
ঘটনার খবর পেয়ে স্টেশন হাউস অফিসার রাকেশ কুমার একটি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সমস্তিপুরের সদর হাসপাতালে পাঠানো হয়। এসএইচও (SHO) জানিয়েছেন যে, চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুর বিষয়ে পুলিশ তথ্য পেয়েছিল। অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
Suvendu Adhikari : “পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না”, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
