ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় একাদশ, তার আভাস দিয়ে দিলেন ক্যাপ্টেন শুভমন গিল। পেস দিয়েই প্রতিপক্ষকে আক্রমণের ছক কষছে ভারতীয় ক্রিকেট দল। চারজন পেসার ও সাতজন ব্যাটার নিয়ে প্রথম একাদশ সাজানো হবে।

টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে জয় নিশ্চিত করার পর কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে ভারতের সামনে। ওয়ান ডে সিরিজের শেষ দুটো ম্য়াচে গিল খেলেননি টেস্টের প্রস্তুতি সারবেন বলে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন গিল। সেখানেই তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ৪ জন পেস বোলার নিয়ে খেলব। আমাদের প্রত্যেক পেস বোলারই ভাল পারফর্ম করেছে। যা একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমাদের জন্য ইতিবাচক সমস্যা তৈরি করেছে। ওয়ান ডে সিরিজে পেস বোলাররা দারুণ দায়িত্ব নিয়েছে। আমরা এখনও চূড়ান্ত কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। তবে আমরা ৪ জন ফাস্ট বোলার নিয়েই খেলব।’

গিল আরও বলেন, ‘আমাদের একাদশে সাতজন ব্যাটার থাকবে। আট ও নয় নম্বরে অংশুল ও আকাশ আছে, যারা কিছুটা ব্যাটিংও করতে পারে। তাই আমরা এখনো ভাবছি। নীতীশও ব্যাট করতে পারে। বল পুরনো হয়ে গেলে কী হবে তা আমাদের মাথায় রাখতে হবে, তাই এমন কাউকে প্রয়োজন যে পিচে জোরে বল হিট করতে পারে।’

পেস বোলিং আক্রমণে বুমরা নেতৃত্ব দেবেন। সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ওয়ান ডে সিরিজে ভালো পারফরম্যান্সের পর গুরনূর ব্রারও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব। আপাতত তাঁকে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

গিল আরও বলেন, ‘আমরা চারজন পেস বোলার চাই, কিন্তু কারা খেলবে তা এখনও জানি না। আমরা দেখেছি তৃতীয় দিন থেকে পিচ ফ্ল্যাট হয়ে যায়, তাই এমন কাউকে দরকার যে পিচে জোরে বল করতে পারে।’

ঋষভ পন্থের ফিটনেস সমস্যা এখন আর তেমন নেই। তবে ধ্রুব জুরেলও ছন্দে রয়েছেন। ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করা উইকেটকিপার ব্যাটার ধ্রুব নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে চার ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবি জানিয়েছেন। টপ অর্ডারে সাই সুদর্শন ও দেবদত্ত পড়িক্কলের ঢুকে পড়ার সম্ভাবনাও প্রবল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *